দেশের ব্যাংক খাতে অতিরিক্ত খেলাপি ঋণের চাপ এতটাই গভীর আকার ধারণ করেছে যে, এই অবস্থা থেকে পুরোপুরি উত্তরণে অন্তত আরও ৫ থেকে ১০ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন–২০২৫–এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কঠোর বাস্তবতা তুলে ধরেন।
গভর্নর বলেন, বর্তমানে ব্যাংক খাতের মোট ঋণের এক–তৃতীয়াংশের বেশি খেলাপি হয়ে গেছে। দীর্ঘদিনের এ সংকট আর্থিক খাতের স্থিতিশীলতাকে চাপে ফেলেছে। তিনি জানান, নতুন তথ্য প্রকাশের প্রতিটি প্রান্তিকেই দেখা যাচ্ছে খেলাপি ঋণ আরও বৃদ্ধি পাচ্ছে। “দুই বছর আগে আমার ধারণা ছিল খেলাপির হার হয়তো ২৫ শতাংশের মতো। কিন্তু সরকার তখন বলেছিল তা ৮ শতাংশ। এখন বাস্তবে দেখা যাচ্ছে হার ৩৫ শতাংশ ছাড়িয়েছে।”
তিনি বলেন, “এই সমস্যা কোনও রাতারাতি সমাধানযোগ্য বিষয় নয়। ধাপে ধাপে অগ্রসর হয়ে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সম্পূর্ণ স্বাভাবিক হতে ৫ থেকে ১০ বছর সময় লাগবে।”
এ সময় রমজানকে সামনে রেখে আমদানির জন্য প্রয়োজনীয় ডলার সংকট নিয়েও কথা বলেন গভর্নর। তিনি বলেন, “ডলার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলাদেশ ব্যাংকের কাছে পর্যাপ্ত ডলারের মজুত রয়েছে। ইতোমধ্যে গত বছরের তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ বেশি এলসি খোলা হয়েছে।”
একীভূত হওয়া ৫ ইসলামী ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলেও তিনি জানান।